রোহিঙ্গা ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা তৎপর: আইজিপি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩
 
পুলিশের মহাপরিদদর্শক (আইজিপি)একেএম শহীদুল হক বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে দেশের ভেতরে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য  চেকপোস্ট বসানো, বাসে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় টোক নয়নপুর এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তি স্থাপন শেষে শনিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
আইজিপি আরো বলেন, উখিয়াতে পায় দুই হাজার একর জমি আছে, সেখানে তাদের ক্যাম্প করা হবে। সিদ্ধান্ত হয়েছে সেখানে তারা থাকবে। সেখান থেকে তারা বাইরে যেতে পারবে না। তাদের ডাটা বেস করা হবে, পরিচয় পত্র দেয়া হবে। এসব করা হলে তারা সব ধরণের সুযোগ সুবিধা পাবে। তারা যাতে ওই এলাকা থেকে অন্যত্র যেতে না পারে তার জন্য আমরা আইন শৃংখলা বাহিনী দায়িত্ব নিয়েছি।
 
IMG0
 
পরে স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে সুধী সামাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এছাড়া বক্তব্য রাখেন আইজিপি একেএম শহীদুল হক, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ আরকেজি