হাটহাজারীতে বিদ্যুৎ কেন্দ্রে আগুন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৫
 
হাটহাজারী ১১ মাইলস্থ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১১ টা ৩২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
হাটহাজারী পিডিবির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বকুল চন্দ্র রায় জানান, পাওয়ার গ্রিডের ২৩০ এমভিএ ট্রান্সফরমারে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যার কারণে বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। 
 
হাটহাজারী পিডিবি'র আরেক সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. ওবাইদুল হক ট্রান্সফরমারে আগুন লাগার কারণে সব লাইন চালু করা সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করে বলেন, সব লাইন অতি দ্রুত চালু করার চেষ্টায় আছি।
 
হাটহাজারী ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে একটি ট্রান্সফরমার সম্পুর্ণ জ্বলে গেছে।
 
ইত্তেফাক/কেকে