নওয়াজের আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩
সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষণার পর জাতীয় পরিষদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার সকাল ৮টায এই ভোটগ্রহণ শুরু হয়। লাহোরের জাতীয় পরিষদের ১২০ নম্বর এই আসনে মোট ৪৪ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।  
IMG0
পাকিস্তান সেনাবাহিনী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছে। সকাল থেকেই বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রগুলোতে ভীড় করছেন। এই আসনে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তান (পিটিআই) এর প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলে ধারণা করা হচ্ছে।  
 
শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন পিটিআই এর প্রার্থী ড. ইয়াসমিন রশীদ। এই আসনে পিএমএল-এন এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ফয়সাল মীরও নির্বাচনে থাকছেন হেভিওয়েট প্রার্থী হিসেবে। এছাড়া পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন রেহমান আনসারি।
IMG1
এই আসনে মোট ভোট কেন্দ্র ২২০টি। যার মধ্যে ১০৩টি পুরুষ ও ৯৮ নারী ভোট কেন্দ্র রয়েছে। আর ১৯টি কেন্দ্রে নারী পুরুষ উভয ভোটাররাই ভোট দেবেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৮৬।
 
সূত্র : ডন
ইত্তেফাক/কেআই