চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশির লাশ ফেরৎ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৪
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র জোর প্রচেষ্টায় শনিবার রাত পৌনে ১১টায় মৌলভীবাজারের সীমান্তবর্তী চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ইয়াসিনের লাশ ফেরৎ দিয়েছে।
 
মৌলভীবাজারের শরীফপুর সীমান্ত দিয়ে শুক্রবার বিকেলে কয়েকজনকে নিয়ে শরীফপুর ইউনিয়নের মৃত ফেরন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২৮) ভারতের উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার মূর্তিছড়া কদমমোড়া এলাকায় প্রবেশ করে। ভারতীয়রা চোর সন্দেহে তাদেরকে ধাওয়া করলে অন্যরা পালিয়ে ফিরে আসলেও ইয়াসিন মিয়াকে ধরে ভারতীয়রা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
 
৪৬ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডের কার্যালয় সূত্রে জানা যায়, এ ঘটনাটি শনিবার সকালে শুনে বিজিবির উদ্যোগে তাৎক্ষনিকভাবে চাতলাপুর চেকপোস্ট এলাকায় জরুরি বৈঠক করে বাংলাদেশির লাশ ফেরতের দাবি জানায় বিএসএফের কাছে। অবশেষে উত্তর ত্রিপুরার কৈলাসহর ঊনকোটি জেলার কৈলাসহর থানা পুলিশ নিহত বাংলাদেশির লাশের ময়না তদন্ত শেষ করে বিএসএফের সহায়তায় শনিবার রাত পৌনে ১১টায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি ইয়াসিনের লাশ ফেরত দেয়।
 
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী ও শরীফপুর বিজিবি কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে কুলাউড়া থানার ওসি মো. শামীম মোসা লাশ গ্রহণ করেন। পরে নিহত ইয়াসিনের ভাই কুতুব আলীর কাছে লাশ হস্তান্তর করেন। শ্রীমঙ্গলস্থ ৪৬ নম্বর বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জি এম খালেদ হায়দার, বাংলাদেশির লাশ ফেরতের সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান