ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, উপজেলার সিরাজনগর উত্তরপাড়া এলাকার একটি ঝোপে হাত-পা বাঁধা অবস্থায় রবিবার বিকালে লাশটি পাওয়া যায়। নিহত ফারজানা আক্তার (৭) ওই এলাকার মো. কবির হোসেনের মেয়ে ও স্থানীয় কওমী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি যুবায়ের জানান, শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন ফারজানা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে সেদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়রি করেন। বিকালে বাড়ির পাশের একটি ঝোপে স্থানীয়রা ফারজানার হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
