ব্যর্থ হলো ‘ট্রাম্পকার্ড’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে থাকেন, গণমাধ্যমগুলো অন্যায়ভাবে তার পিছে লেগে থাকে। কেবল তার খুঁত ধরে। তিনি ভালো কাজ করলেও সেগুলো তাদের চোখে পড়ে না। ট্রাম্পের সমর্থকদেরও একই অভিযোগ। সম্প্রতি ট্রাম্পের একজন সমর্থক ফেসবুকে ঘোষণা দেন, তিনি এবার একটি ‘ট্রাম্পকার্ড’ ছাড়তে যাচ্ছেন যা দেখলে গোটা মিডিয়ার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মার্কিন প্রেসিডেন্টের প্রতি।  এরপর সেই সমর্থক একটি ছবি পোস্ট করেন যাতে দেখা যায়, ট্রাম্প প্রায় কোমর পানি ভেঙে দু’টি বিড়ালকে কোলে করে নিয়ে যাচ্ছেন। তিনি বর্ণনায় লেখেন, টেক্সাসে কিছুদিন আগে যে হারিকেন হার্ভে আঘাত হেনেছিল তাতে মানুষের পাশাপাশি বিপদে পড়েছিল এই বিড়াল দুটো। ট্রাম্প নিজেই তাদের উদ্ধার করে শুষ্ক স্থানে নিয়ে আসেন। প্রাণে বেঁচে যায় অবলা প্রাণীদুটো।

এই ছবি দেখে প্রশংসাবাণে ট্রাম্পকে ভাসিয়ে দেন তার সমালোচকদের অনেকেও। এই ‘দরদী’ ট্রাম্পকে আগে মার্কিনীরা দেখেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের স্নোপস ডটকম নামের একটি ওয়েবসাইট প্রমাণ করে দিয়েছে, ছবিটি ভুয়া। এটি ২০০৮ সালে আইওয়া অঙ্গরাজ্যের একটি বন্যাকবলিত এলাকার। এক ব্যক্তি তার পোষা দু’টি বিড়ালকে কোলে নিয়ে একটি জলাশয় পার হচ্ছিলেন। সেই ছবিটি এডিট করে তার ওই সমর্থক ট্রাম্পের মাথা লাগিয়ে কোটি কোটি মানুষকে বোকা বানালেন। ‘ট্রাম্পকার্ড’ দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ‘দরদী’ সাজাতে গিয়ে উল্টো তাকে হেয় করে বসলেন। -হাফিংটন পোস্ট

ইত্তেফাক/নূহু