মোরেলগঞ্জে পুলের বেহাল দশা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৩

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে একটি পুল দীর্ঘদিন যাবত্ জরাজীর্ণ হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। যার ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অত্র ইউনিয়নের জহুর আলী বাজার সংলগ্ন খালের এ জনগুরুত্বপূর্ণ পুলটি কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পুলটির অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। পুলের তক্তা নেই বললেই চলে। খাম্বাসহ অন্য লৌহসামগ্রী খুলে খুলে পড়ছে। চুরি হয়ে গেছে অনেক মালামাল।

পুলটি দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। এর মধ্যে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী। রয়েছে বৃদ্ধ পুরুষ, নারী ও শিশু। স্থানীয় লোকজন পুলটির একপাশে কোনোমতে তক্তা লাগিয়ে চলাচলের ব্যবস্থা সচল রাখতে চেষ্টা করছে। ঝুঁকি নিয়ে এলাকার লোকজনকে প্রতিদিন চলাচল করতে হয়। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে পারাপার করাতে হয়।

নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সম্প্রতি পুলটি পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তবে স্থানীয়রা জানান, জনস্বার্থে ও জনগুরুত্বপূর্ণ  পুলটি সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কার নয় নতুনভাবে নির্মাণ করা আবশ্যক।

ইত্তেফাক/নূহু