খুব অল্প সময়ের মধ্যে অভিনয়ে চমক দেখিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এরইমধ্যে তার অভিনয়ের ভিন্নতা সবার নজর কেড়েছে। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার ‘নিউটন’ ছবির প্রচারণা নিয়ে। ছবিতে তিনি নিউটন কুমার নামে একজন সরকারি কেরানীর চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি জানা গেছে, এই অভিনেতার সাথে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে পরবর্তী সিনেমা ‘ফ্যানি খান’-এ। শিগগিরই শুরু হবে ছবিটির কাজ। এই ছবিটিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সাথে পর্দায় রোমান্স করতে। আর ছবিটিতে ঐশ্বরিয়ার সাথে জুটি বাঁধতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজকুমার রাও। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ফ্যানি খান ছবিটির গল্পই বড় একটি চমক। প্রথম থেকেই এই ছবিতে কাজ করতে বেশ আগ্রহী আমি। কাজ করতে পারা শুধু আমার একার নয়, বরং দু’জনের ইচ্ছে। বিশেষ করে তার অভিনয়ের দারুণ ভক্ত হয়ে গেছি। ফ্যানি খান ছবি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাওকেই চূড়ান্ত করা হয়েছে।’
ইত্তেফাক/রেজা
