অবশেষে চীনের সাংহাইয়ের ‘নেইল হাউজ’ বলে পরিচিত যানজট সৃষ্টিকারী সেই বাড়িটি ধ্বংসসাধন করা হয়েছে। প্রায় ১৪ বছর ধরে এই বাড়িটি সড়কের মাঝখানে ছিল। কিন্তু ভেঙ্গে ফেলতে ক্ষতিপূরণের অর্থ নিয়ে এতদিন বনিবনা না হওয়ায় এটা এভাবেই পড়ে ছিল। পরে কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের অর্থ নিয়ে সমঝোতা হলে গতকাল তা ভেঙ্গে ফেলা হয়।
২০০৩ সাল থেকে এটি ভাঙ্গার জন্য বহুবার কথাবার্তা হয়েছে। কিন্তু বাড়ির বাসিন্দারা প্রতিবারই তা ফিরিয়ে দিয়েছে এই বলে যে ক্ষতিপূরণের অর্থ পর্যাপ্ত নয়। এভাবে প্রায় ১৪ টি বছর কেটে যায়। সমস্যার সমাধানের কিছুই হয়নি। আর দিনে দিনে যানজটের কারণে মানুষের ভোগান্তিও চরমে উঠতে থাকে। অবশেষে ৪ লাখ ১২ হাজার ডলার ক্ষতিপূরণের অর্থের বিনিময়ে এটি ভেঙ্গে ফেলতে তারা সম্মত হয়। রাষ্ট্র নিয়ন্ত্রিত সরকারি মিডিয়ায় এ খবর বলা হয়েছে। চীনের মধ্যে সাংহাই একটি দ্রুত উন্নয়নশীল শহর।
খুব তাড়াতাড়ি এখানকার মানুষেরা ব্যবসা-বাণিজ্যে উন্নতি সাধন করেছে। শিক্ষা-দীক্ষা সবদিক দিয়ে এগিয়ে আছে এই বৃহত্তম শহরটি। মূলত একে ‘নেইল হাউজ’ বলা হয় এই অর্থে যে এটি ভাঙতে বাসিন্দাদের অনেক অসম্মতি ছিল। কেননা সরকারের তরফ থেকে যে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল তা তাদের কাছে সামান্য বলে মনে হয়েছে। এ কারণে এতদিন এ সমস্যাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। অবশেষে দুইপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে ওইদিন রাতে মাত্র ৯০ মিনিটের মধ্যে বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আর নগরবাসীর মধ্যে ফিরে আসে স্বস্তি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
