৪৬ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি সুশীল কুমারের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৭

স্বাধীনতার ৪৬ বছর পার হলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে জীবনকে মূল্যহীন মনে করেন দাগনভূঞার জায়লস্করের উত্তর লালপুরের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার রায়। দুই নং সেক্টর বিলোনিয়ার অন্তর্গত বগা পাহাড় মুহুরী ক্যাম্পে ট্রেনিং নিয়ে তত্কালীন ফেনীর রাজা খাজা আহাম্মদ এর নেতৃত্বে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার সঙ্গে একই সেক্টরে মুহুরী ক্যাম্পে যুদ্ধে অংশগ্রহণ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, মৃত ছিদ্দিকুর রহমান, হারিস আহাম্মদ, মনোরঞ্জন চন্দ্রদে, ইদ্রিস মিয়া ও ওমর কাজী।  

মুক্তিযোদ্ধার তালিকা বঞ্চিত সুশীল কুমার রায় জানান, অত্যন্ত পরিতাপের বিষয় যাদের সঙ্গে একই ক্যাম্পে থেকে যুদ্ধ করেছে তারাও আজ বৈরিতা দেখাচ্ছে। মৃত্যুর পর যেন রাষ্ট্রীয় মর্যাদা পাই এই আকুতি দেশরত্ন জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে ইতোপূর্বে দাগনভূঞা উপজেলা কমান্ডারসহ অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কোন লাভ হয়নি। তাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি আকুল আবেদন বিলোনিয়ার অন্তর্গত বগা পাহাড় ২ নং সেক্টরের মুহুরি ক্যাম্পের ভারতীয় বালাম বই পর্যবেক্ষণপূর্বক মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

দাগনভুঁইয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্লাহ বাঙালী জানান, এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু