রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা ত্রাণে কর অব্যাহতি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৮
 
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের উপর সব ধরনের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি আদেশও জারি করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। এতদিন বিদেশ থেকে আসা ত্রাণের ক্ষেত্রে শুল্ক ও ভ্যাট অব্যাহতি ছিল।
 
গত রবিবার সংশ্লিষ্ট কমিশনারেটগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর। এর আগে এনবিআর পৃথক দুটি আদেশ দিয়ে মালয়েশিয়া এবং আরো একটি দেশ থেকে আসা ত্রাণসামগ্রীর উপর রাজস্ব মওকুফ করে। এবারের আদেশে যেকোনো দেশ থেকে আসা ত্রাণে রাজস্ব ছাড় দেয়া হলো। কমিশনারেটগুলোতে পাঠানো এনবিআরের চিঠিতে বলা হয়েছে, মানবিক কারণে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ থেকে পণ্যসামগ্রী পাঠানো হচ্ছে। এসব পণ্য কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে পাঠানো হচ্ছে না। তাই এসব পণ্য দেশে প্রবেশে কোনো ধরনের রাজস্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
সরকারের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআর এ রাজস্ব ছাড়ের নির্দেশ দিয়েছে। এনবিআরের এ নির্দেশ দেওয়ার আগে যেসব পণ্য বিভিন্ন বিমান, সমুদ্র ও স্থলবন্দরে এসে পৌঁছেছে কিন্তু এখনো খালাস হয়নি, সেসব পণ্য থেকেও কোনো রাজস্ব আদায় করা হবে না।
 
যোগাযোগ করা হলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ইত্তেফাককে বলেন, রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণের ক্ষেত্রে কোন ধরনের কর নেওয়া হবেনা। এর আগে শুল্ক ও ভ্যাট অব্যাহতি ছিল। আয়কর থেকেও অব্যাহতি দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এসব ত্রাণ দ্রুত ছাড় করার ক্ষেতে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এনবিআরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
প্রসঙ্গত, ১৯৯২ সালে এনবিআর থেকে জারি করা আদেশে রেড ক্রিসেট সোসাইটি, এনজিও ব্যুরোর অধীনে নিবন্ধিত কোনো স্বেচ্ছাসেবী সংস্থার নামে আসা ত্রাণ কিছু শর্ত সাপেক্ষে রাজস্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, যা এখনো বহাল আছে। তবে আয়কর সংক্রান্ত একটি জটিলতা এতদিন ছিল।
 
ইত্তেফাক/কেকে