কাঙ্ক্ষিত রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া সিরিয়ার পুনর্গঠন নয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়া একটি কাঙ্ক্ষিত পর্যায়ে না গেলে তারা সিরিয়ার পুনর্গঠনে সমর্থন করবেন না। সে বিবেচনায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে চলে যাওয়া ছাড়া অন্য কোন পথ খোলা নেই। তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং বিরোধী অন্যান্য দেশের অবস্থান একই।  
 
পশ্চিমা এবং উপসাগরীয় দেশ নিয়ে গঠিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গ্রুপ গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এ ব্যাপারে বৈঠক করলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বরিস জনসন বলেন, সিরীয় সংকট মোকাবিলায় যে পথটি খোলা রয়েছে তা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। 
 
এ বৈঠকের মাধ্যমে আমরা ইরান,রাশিয়া এবং আসাদ সরকারকে এ বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। বরিস জনসন বলেন, আমাদের সমমনা গ্রুপকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে যাতে করে সংকটের সমাধান যেন একটা গ্রহণযোগ্য পর্যায়ে যায়। তিনি বলেন, আরো পরিষ্কার করে বললে বলতে হয় যে, রেজোলিউশন ২২৫৪ অনুযায়ী আসাদবিহীন সেই ব্যবস্থার তৈরি করা। 
 
১৪ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এ ব্যাপারে সিরিয়ার ক্রান্তিকালীন রোডম্যাপ প্রণয়ন করেছেন। যা জেনেভা প্রস্তাবনার আলোকে করা হয়েছে। উল্লেখ্য ২০১৫ সাল থেকে রাশিয়া আসাদের পক্ষ হয়ে যুদ্ধ শুরু করে। সেক্ষেত্রে আসাদের পাশে থাকে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্যাত্তারফিল্ড বলেছেন, বৈঠকে এসব রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সবাই সম্মত হয়েছেন। সে অনুযায়ী সিরিয়া পুনর্গঠনের পথ প্রসারিত হবে। রয়টার্স। 
 
ইত্তেফাক/সাব্বির