গণ ছিনতাইয়ের কবলে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৬

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মনির হোসেন স্ত্রীসহ গণছিনতাইয়ের কবলে পড়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রীর সঙ্গে থাকা সাড়ে ৪ হাজার নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কালো রঙের ভ্যানিটি ব্যাগটি ছিনতাই হয়েছে।

মনির হোসেন জানান, মোটর সাইকেলে করে ফার্মগেট হয়ে বাসায় ফিরছিলেন। রাত ১২ টা ৫০ মিনিটে কাওরানবাজারের মেইন রোড সংলগ্ন হোটেল লা ভিঞ্চির পাশে ট্রাক-ভ্যানের যানজট ছিলো। তিনি সে যানজটে আটকা পড়েন। এ সময় দেখতে পান যানজটের মধ্যে ১৫/২০ জন যুবক পথচারী ও মোটর সাইকেল আরোহীদের কাছ থেকে ব্যাগ ও পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে ডাচ বাংলা ব্যাংকের বুথের পাশ দিয়ে নির্বিকারভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছিলো। এর মধ্যে আকস্মাৎ এক ছিনতাইকারী তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ওই এলাকায় কোন পুলিশের গাড়ি ছিলো না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু