সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দুই দিনের কর্মবিরতি শেষে বুধবার সকাল থেকে শুরু হয়েছে দু'দেশের আমদানি-রফতানি কার্যক্রম।
ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস এর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করার প্রতিবাদে তারা গত সোমবার থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। এর এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপূর্ণ ভাবে বিষয়টি নিরসন হওয়ায় আবারও শুরু হয়েছে দুই দেশের আমদানি-রফতানি।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়েছে, বিষয়টি নিরসন করা হয়েছে। এর ফলে আবারও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করলেও তারা যথারীতি এই দুই দিন অফিস খুলে তাদের সকল অফিসিয়াল কার্যক্রম চালিয়েছেন। তিনি আরো জানান, গত দুই দিনে সরকার প্রায় চার কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
ইত্তেফাক/জামান
