কিছুদিন আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে গেছে ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড় ‘ইরমা’। এবার সেখানে আরো একটি ৫ মাত্রার ঘূর্ণিঝড় ‘মারিয়া’ আঘাত হানতে যাচ্ছে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে। ব্যাপক বিধ্বংসী ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় দ্বীপ ডমিনিকাতে আঘাতের পর আরো শক্তিশালী হয়ে এবার ভার্জিন আইল্যান্ড ও পুয়ের্তো রিকোর দিকে এগিয়ে যাচ্ছে।
IMG0
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সেইন্ট ক্রইক্স দ্বীপ অতিক্রম করার পর মারিয়া বুধবার সকালে ভার্জিন আইল্যান্ড ও পুয়ের্তো রিকোতে আঘাত হানতে পারে। এজন্য ওইসব এলাকায় নৌ-বন্দর এবং বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে ঘণ্টায় ১৬০ মাইল বাতাসের গতিবেগ নিয়ে ডমিনিকায় আঘাত হানে মারিয়া। মারিয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ক্যারিবীয় অঞ্চল।
IMG1
ঘূর্ণিঝড়ের প্রকোপে তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ঝড়ে একজনের প্রাণহানি এবং আরো বেশ কয়েকজনের নিখোঁজের কথা জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুয়ের্তো রিকোর গভর্নর। এছাড়াও ক্যারিবীয় দ্বীপটির পুরো ৩৫ লাখ বাসিন্দাকেই পুরোটা সময় নিরাপদে থাকার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। বিবিসি ও সিএনএন।
ইত্তেফাক/সেতু
