জুলফিয়ার কথায় দুই বাংলার শিল্পীদের ‘মেঘ ছুঁয়েছে স্বপ্ন’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১১
 
জুলফিয়া ইসলামের কথায় দুই বাংলার শিল্পী ও সুরকারের সমন্বয়ে নতুন অ্যালবাম ‘মেঘ ছুঁয়েছে স্বপ্ন’ প্রকাশিত হলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লালমাটিয়া টাইমস্কয়ারে প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।
 
অ্যালবামটিতে রয়েছে মোট ৮টি গান- রূপসী বাংলায়, অচিন এক ঘাটে, প্রশ্ন, তোমাকে চাই, প্রিয় বাংলাদেশ, কী মনে করে, মেঘ ছুঁয়েছে স্বপ্ন ও দিন যায় দিন যায়।
 
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- সুবীর নন্দী, শ্রীকান্ত আচার্য, রথীন্দ্রনাথ রায় ও জুলফিয়া ইসলাম নিজেও তিনটি গানে কণ্ঠ দিয়েছেন। সুর করেছেন- উদয় বন্দ্যোপাধ্যায় (ভারত), আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শাহীন সরদার।
 
জুলফিয়া ইসলাম অ্যালবাম প্রসঙ্গে বলেন, ‘চার বছর ধরে যত্ন নিয়ে অ্যালবামটির কাজ করেছি। প্রখ্যাত শিল্পী ও সুরকারদের সমন্বয়ে ভালো কাজ করা চেষ্টা করেছি। ভিন্ন ধরনের অল্প কাজ করার মাধ্যমেই বেঁচে থাকতে চাই।’
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, কবি অসীম সাহা, কবি নাসির আহমেদ, সুরকার শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি হাসান মাহমুদ।
 
ইত্তেফাক/আনিসুর