শাহজালালে কোটি টাকার স্বর্ণ জব্দ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৭
 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানের ফ্লাইট থেকে ২০টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। আজ বুধবার সকাল ৭টায় বাংলাদেশ বিমানের মালয়েশিয়া থেকে আসা বিজি-০৮৭ বিমানের সিটের নিচে লুকানো ২০টি সোনার বার জব্দ করা হয়।
 
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক সকাল সাড়ে ৬ টায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের আগেই বিশেষ নজরদারি বজায় রাখে। বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল কর্তৃক আকস্মিক তল্লাশিকালে বিমানের ৭ই সিটের নিচে ২০টি স্বর্ণবার উদ্ধার করে। 
 
IMG0
 
অনুসন্ধানে জানা যায়, এই সিটে কোনো যাত্রী ছিল না। স্বর্ণবারগুলো কালো, হলুদ এবং বাদামি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ২টি প্যাকেটে পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার সামনে স্কচটেপ মোড়ানো ২টি প্যাকেট খুললে ১০টি করে মোট ২০ টি স্বর্ণবার পাওয়া যায়। স্বর্ণবারগুলোর প্রতিটির ওজন ১০০ গ্রাম এবং মোট ওজন দুইকেজি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য এক কোটি টাকা।
 
এই ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/কেকে