মাগুরা সদর উপজেলার রাউতড়া পূর্বপাড়া গ্রামে বুধবার সকালে মুরগির ফার্মের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন।
নিহতরা হচ্ছেন- লাউতড়া পূর্বপাড়া গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (২৮) ও পার্শ্ববর্তী দাড়িয়াপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আবু হাসান (২৬)। তারা দুজনই পরস্পর ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায় জানায়, ভোরে কোন এক সময় টিটু কাজি ও তার বন্ধু হাসান তার বাড়ির পাশের মুরগির ফার্মে মুরগির বাচ্চা দেখতে যান। এ সময় বৈদ্যুতিক বাল্ব লাগানো মুরগির বাচ্চাকে উত্তাপ দেয়ার জন্য তৈরি উফারে হাত দিয়ে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পর কোন পক্ষের কোন অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খামারে উন্নত প্রযুক্তির সুরক্ষা ব্যবস্থা না থাকাই এ ধরনের দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
ইত্তেফাক/জামান
