‘বিশ্বের চার কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪২
বিশ্বের চার কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী ও অল্প বয়স্ক মেয়ে। গত বছরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ,ওয়াক ফ্রি ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের করা এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 
 
সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আড়াই কোটি মানুষকে জোরপূর্বক শ্রম এবং দেড় কোটিকে অনিচ্ছাসত্ত্বেও বিয়েতে বাধ্য করা হয়। আর এসব কারণেই বিষয়গুলোকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৭১ শতাংশ নারী ও অল্প বয়স্ক মেয়েকে বিভিন্ন ফাঁদে ফেলার মাধ্যমে তাদেরকে কোন না কোনভাবে আধুনিক দাসত্বের শিকারে পরিণত করা হচ্ছে। নতুন এই সমীক্ষাটি এমন এক সময়ে প্রকাশ করা হল যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ থেকে সতের বছর বয়সের প্রায় ১৫ কোটি ২০ লাখ শিশুকে শ্রমে বাধ্য করা হয়। রিপোর্টে বলা হয়, প্রতি চারজনের মধ্যে একজনই এই আধুনিক দাসত্বের শিকার হচ্ছে। তবে শোচনীয় অবস্থা নারী ও শিশুদের বেলায়। তারা কোন না কোনভাবে এই আধুনিক দাসত্বের শিকার হচ্ছে। আরো ভয়াবহ চিত্র যে এখানে বাল্য বিয়ের মতো বিষয়টিও উঠে এসেছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এসব নারীদের কখনো ব্যবহার করা হচ্ছে যৌন কর্মী হিসাবেও। 
 
আর শিশুদের যে সব স্থানে কাজ করানো হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে কৃষিক্ষেত্রে। শিশু শ্রমের মধ্যে প্রতি পাঁচজনের একজন আছে সেবা খাতে। প্রতিবেদনে বলা হয়েছে,বিভিন্ন কারখানা, নির্মাণ স্থাপনা, খামারসহ নানা স্থানে এসব শিশু শ্রম চলছে। আইএলও’র মহাপরিচালক গুই রাইডার বলেন, বিশ্ব কখনোই তার টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌছাতে পারবে না যদি না এ বিষয়গুলোকে চিহ্নিত করে সমাধান করা যায়। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির