বৃক্ষ নিধন না করে আগারগাঁয়ের জার্মপ্লাজম সেন্টার নামের বাগান রক্ষা ও মেট্রোরেল সাইট অফিস নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। গতকাল বুধবার আগারগাঁও জার্মপ্লাজম সেন্টারের কাছে তারা এই মানববন্ধন করে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), তরুপল্লব ও গ্রীন ভয়েস এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ফলবীথি জার্মপ্লাজম সেন্টার নামের বাগানটি কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের অধীনে ৫ একর জমিতে ১৯৯০ সালের দিকে যাত্রা শুরু করে।
প্রায় ২৭ বছরের পুরনো এই বাগানটিতে দেশি বিদেশি ফলগাছের এক বিস্ময়কর জার্মপ্লাজম ভান্ডার গড়ে উঠেছে। ৭৩৯ টি ফলদবৃক্ষের এই গবেষণা উদ্যানটিতে তারা প্রত্যক্ষ করেন এই মাতৃবাগানে মোট ৬৭ প্রকার ফলের ২৬৫ জাতের ৭ শতাধিক গাছ আছে। কিন্তু গত ৩১ জুলাই বিমান বাহিনী সদর দপ্তর প্রেরিত এক চিঠিতে মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, মেট্রোরেল কর্তৃপক্ষ অস্থায়ী কন্সট্রাকশন ইয়ার্ড নির্মাণের জন্য যে জায়গাটি চিহ্নিত করেছে তা কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবহার্য ৫ একর জমিরই অংশ।
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, জার্মপ্লাজম নষ্ট করার মানে হলো সরকারকে পিছন থেকে ছুরি মারা। বাগানটির যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
আরো বক্তব্য রাখেন বাপার যুগ্ম-সম্পাদক মোঃ শাহজাহান মৃধা, বাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস ও তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন। বক্তারা এ বাগান রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইত্তেফাক/নূহু
