মালয়েশিয়ায় গণ-আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৩
মালয়েশিয়ায় রোহিঙ্গা সংকট নিয়ে গঠিত গণ-আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ আনা হয়েছে। শেষ পর্বের শুনানিতে সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে সাক্ষ্য দেন মিয়ানমারের রোহিঙ্গা, কাচিন ও কারেনসহ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। 
IMG0
গত সোমবার থেকে শুনানি শুরু হয়। রোমভিত্তিক পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল (পিপিটি) নামের একটি সংগঠন এই আদালত গঠন করে। এই গণ-আদালত গঠনের উদ্দেশ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক অত্যাচার ও নির্যাতন বন্ধ করা।
IMG1
আদালতে মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। ইউনিভার্সিটি অব মালয়ের ল ফ্যাকাল্টিতে সাতজন বিচারকের সমন্বয়ে গঠিত আদালতে ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি চলছে। 
IMG2
কাল শুক্রবার রায় দেওয়া হবে। শুনানিতে পাওয়া তথ্য-উপাত্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে পাঠানো হবে। তবে এই বিচারের রায় মানতে বাধ্য নয় জাতিসংঘ কিংবা অন্য কেউ। দ্য ফ্রি প্রেস জার্নাল।
 
ইত্তেফাক/সেতু