মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যানের কারাদণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩১
 
কুমিল্লা মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
 
মঙ্গলবার বিকেলে কুমিল্লার ২য় আদালতের যুগ্ম দায়রা জজ শায়লা শারমিন এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ইউরো টাইলস্ অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মো. নজির আহমেদ টাইলস্ সরবরাহের জন্য নগরীর পুলিশ লাইন এলাকার জেরিন এন্টারপ্রাইজের মালিক ও মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারকে ১৩ লাখ টাকা প্রধান করেন। পরবর্তীতে টাইলস্ সরবরাহ না করে তিনি টালবাহানা করতে থাকেন।
 
একপর্যায়ে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করা হলে রফিকুল ইসলাম ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর নজির আহমেদকে ১৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওইদিন টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে হিসাবে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয়। পরে টাকা ফেরত না পাওয়ায় ওই বছরের ১৮ নভেম্বর নজির আহমেদ বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত মঙ্গলবার কুমিল্লার দ্বিতীয় আদালতের যুগ্ম দায়রা জজ শায়লা শারমিন এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেক-এ বর্ণিতসহ মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন।
 
প্রসঙ্গত, একই মামলায় গত বছরের ১৩ জুন কুমিল্লার ১ম আদালতের যুগ্ম দায়রা জজ মোহাম্মদ ফারুক তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও চেক বর্ণিত ১৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেছিলেন।
 
ইত্তেফাক/জামান