দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১০
 
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
 
পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
 
বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে। বাসস
 
ইত্তেফাক/এমআর