বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে। বৃহস্পতিবার দুপুরে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সাইফুল ইসলামের মুক্তির দাবিতে আগামী শনিবার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান সহ ৯ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে জেলা বিএনপি।
আদালত সূত্র জানায়, আদালতে আত্মসমর্পণ করে বিস্ফোরকসহ নাশকতার দুই মামলায় জামিন চাইতে বৃহস্পতিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বগুড়ার আদালত চত্বরে যান সাইফুল ইসলাম। এসময় বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে স্লোগান দিলে কিছুটা উত্তপ্ত হয় আদালতের পরিবেশ। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আইনজীবীদের সাথে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে একটি মালায় জামিন চান সাইফুল ইসলাম।
আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এরপরপরই সাইফুল ইসলামের আইনজীবীরা তাকে নিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ যান। সেখানে বিস্ফোরক আইনের অপর একটি মামলায় জামিনের আবেদন জানান। আদালতের বিচারক এমদাদুল হক শুনানি গ্রহণ শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমূল হুদা পপন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা বিএনপি সভাপতিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার হতে বিক্ষোভ সমাবেশ, অর্ধদিবস হরতাল, মানববন্ধন সহ ৯ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বগুড়া জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে জরুরি সভা করে হরতালসহ ৯ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত জেলায় অর্ধদিবস হরতাল, রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন। এরপর পাঁচদিন ধারাবাহিকভাবে শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল জেলা শহরে বিক্ষোভ মিছিল করবে ও ৩০ সেপ্টেম্বর জেলার সব থানা এবং পৌর বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে বিক্ষোভ মিছিল।
কর্মসূচি ঘোষণাকালে জেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, উপদেষ্টা মো. শোকরানা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন ও পরিমল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম সহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
