রাজধানীর ফকিরাপুলের গরমপানির গলিতে একটি বই বাঁধায় কারখানায় গ্যাস পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বইবাঁধায় কারখানায় মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, বইবাঁধায় কারখানায় মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
বইবাঁধায় কারখানায় মালিকের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরমপানির গলির ২৪৫/এ নম্বর ছয়তলা ভবনের নিচ তালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’নামের বইবাঁধায় কারখানা তার ভাই সুজনের। রাতে কাজ শেষে ওই দুই কর্মচারীকে নিয়ে কারখানার ভেতরে ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ কারখানার ভেতরে আগুন জ্বলে উঠে। দ্রুত তারা বের হওয়ার সময় দগ্ধ হয়। আমাদের ধারণা, গ্যাস পাইপ লিকেজ থেকেই এ ঘটনা ঘটেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এএসআই বাবুল মিয়া জানান, সুজনের শরীরে ২০, মুক্তারের ১৫, ও তাহমীনের ১৩ শতাংশ পুড়ে গেছে। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ইত্তেফাক/ইউবি
