ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছে। তারা দুতের্তের বর্তমান কার্যকলাপকে ‘একনায়কত্বের’ সঙ্গে তুলনা করে বলেছেন, দেশ ক্রমশ এক নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এটি আর কিছু নয় দেশটির প্রয়াত একনায়ক ফের্দিনান্দ মার্কোসের কার্যকলাপেরই বহি:প্রকাশ।
বিক্ষোভে অংশ নেয় বিরোধী রাজনৈতিক দল, বামপন্থী দলের কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় তারা প্রেসিডেন্ট দুতের্তের বিরুদ্ধে চরম নিন্দা প্রকাশ করে বলেন, তার আচরণ প্রয়াত একনায়ক ফের্দিনান্দের কার্যকলাপের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। তারা অভিযোগ করেন, মার্কোস যেভাবে মার্শাল ল’ জারি করে দেশকে অচল করে দিয়েছিল, সেই একই পায়তারা এখন শুরু হয়ে গেছে।
একইভাবে দেশকে ধ্বংস করার সব পথ পরিষ্কার করা হয়েছে। বিশেষ করে মার্কোসের সময়ে যেভাবে হত্যা,গুম হয়েছিল ঠিক একই পথে হাঁটছে দুতের্তে সরকার। বিরোধী দলের কর্মীদের ওপর নির্যাতনের মাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। মার্কোসের সময়ে ৯ বছর মার্শাল ল’ ছিল। যা আজো ফিলিপাইনবাসীরা ভয় ও আতঙ্কের সঙ্গে স্মরণ করে।
সেসময়ের অত্যাচার নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এদিন ভাইস প্রেসিডেন্ট লেনি রব্রেডো ইউনিভার্সিটি অব ফিলিপাইনের বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন। রব্রেডা বলেন, মার্কোস যুগের অবসানের পর নতুন ফিলিপাইনের জন্ম হয়েছে। তিনি বলেন, আমাদের এখন আত্মতুষ্ট হওয়ার কোন কারণ নেই। বর্তমানে যে অবস্থা চলছে তাকে নতুন অত্যাচারের যুগ বলে অভিহিত করা যেতে পারে। তিনি বলেন, আমাদের অতীত থেকেই শিক্ষা নিতে হবে। কারণ সে সময়কার ঘটনার নির্যাস যদি আমরা নিতে পারি তাহলে আমাদের সামনের পথ মসৃণ হবে।
১৯৭২ সালে মার্কোস মার্শাল ল’ ঘোষণা করেন এবং এভাবে তিনি ১৪ বছর ক্ষমতায় ছিলেন। এর মাধ্যমে তিনি সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধ্বংস করে ফেলেন। আর এই মার্শাল ল’ এর বার্ষিকীকে সামনে রেখেই বিক্ষোভকারীরা এ সমাবেশ করেন। এসময় তারা প্রেসিডেন্টের পুত্তলিকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। দুতের্তের সময়ে বেশি অভিযোগ,তার আমলে বহু ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে অনেক লোককে হত্যা করা হয়েছে। সেই অভিযান এখনো অব্যাহত রয়েছে। তারপর দুতের্তের মার্শাল ল’ জারির হুঁশিয়ারিও মানুষের মনে মার্কোসের আমলের আতঙ্ক বিরাজ করছে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
