বগুড়ার নন্দীগ্রামে মাথার ওপর গাছের গুড়ি পড়ে খায়ের হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খায়ের হোসেন পৌর এলাকার দামগাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
পৌর কাউন্সিলর বেলায়েত হোসেন ও পারিবারিক সুত্রে জানা যায়, আজ সকালে খায়ের হোসেন প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। বিকেলে নন্দীগ্রাম থেকে তারা কয়েকজন শ্রমিক ট্রাকে গাছের গুড়ি বোঝাই করার জন্য নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুরে যান। সেখানে ট্রাকে গাছের গুড়ি বোঝাইয়ের এক পর্যায়ে একটি গুড়ি তার মাথার ওপর পরে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
