স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিমডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছি। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারাবিশ্ব শেখ হাসিনার প্রশংসা করছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শুধু দেশের মানুষই নয় উন্নয়নে বিস্মিত সারাবিশ্ব শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় চায়।’
শনিবার দুপুরে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কালেম সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারত শেষে দলীয় নেতাদের নিয়ে দরবারের গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভোরে ফজর নামাজ শেষে কোরআন তেলওয়াতের পর দিনে কাজ শুরু করেন। পীর মুর্শিদের মাজেরও দোয়া নিতে যান। খাঁটি মসুলমান হিসেবে তিনি জীবন-যাপন করেন। ইতি মধ্যেই কওমি শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে সকল আলেমদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তাই দেশের অগ্রগতি অব্যাহত রাখতে তার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই।’
আরও পড়ুন: পুত্র সন্তানের জন্মদাত্রী মায়েরা বেশি বিষণ্ণতায় ভোগেন!
এ সময় খাজা কামাল উদ্দিন নুহু মিয়া এনায়েতপুর থানাকে উপজেলা বাস্তবায়নের দাবি তুলতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্থানীয় এমপি উদ্যোগী না হওয়ায় উপজেলা বাস্তবায়ন হয়নি। তবে আগামীতে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে আমার প্রধান কাজ হবে উপজেলা বাস্তবায়ন।’
এ সময় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল বারী, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগার মাস্টার, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, রাশেদুল ইসলাম সিরাজ, হাজী সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
