২২ তারকার ৭ ঘণ্টার মুগ্ধকর পারফর্মেন্স

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৯
 
গত ১৪ সেপ্টেম্বরের সকালবেলা ওমানের মাসকাটের ঘোররোদ্দুরে ঘুম ভাঙে। সহযাত্রী শিল্পী ও মিউজিশিয়ানবৃন্দ সকালে উঠেই হোটেল আল হেদায়েত ইন্টারন্যাশনালের জানালা দিয়ে প্রশ্বস্ত রাস্তার দিকে তাকিয়ে হঠাত্ হতচকিত হয়ে যায়।
 
কারণ ওমানের রাস্তায় হাই স্পিডে আসা একটি জিপ ভোরবেলা আইল্যান্ডে ধাক্কা লেগে ভেঙে চুরমার। তার চেয়েও অবাক কাণ্ড মাত্র ৫ মিনিটের ভেতরে ওমান পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে এনে ঠিক ১০ মিনিটের ভেতরে সব ঠিকঠাক করে ফেললো। রাস্তা নিমিষেই আগের মতো...
 
আমরা দু’জনই সকালবেলা এমন ঘটনা ও দুর্ঘটনা দেখে নিজের দেশের ট্রাফিক জ্যাম আর হাইওয়ের কথাই ভাবছিলাম। পাশের রুমে কণ্ঠশিল্পী আসিফসহ অন্যান্য শিল্পী-মিউজিশিয়ান। দুপুরে সাউন্ড চেক শেষ করার আগেই দু-একজন শিল্পী বের হলেন মাসকাটের মলগুলোতে। এখানে বিশালাকার সিটি সেন্টারটি বিখ্যাত। অন্যদিকে, আয়োজক মোহাম্মদ তৌফিক পলাশ ও অনন্য মামুন দু’জনই অস্থির হয়ে আছেন ভেন্যু পর্যবেক্ষণে। ওমান সময় সন্ধ্যা ৭টায় শো শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টাখানেক দেরি হলো ‘ঢালিউড ব্লাস্ট কনসার্ট’। জন ও বিপাশা কবিরের মঞ্চ পারফর্মেন্সের পর গান গাইতে প্রথমে মঞ্চে উঠলেন নবাগত গায়িকা আয়েশা মৌসুমী। একাধিক জনপ্রিয় গানের পারফর্মেন্স শেষ করে মঞ্চে উঠলেন নিরব ও আইরিন সুলতানা। ওমানের সুলতানদের দেশে সুলতানা বেশে আরবীয় পোশাকে মঞ্চে চমকে দিলেন অভিনেত্রী আইরিন। ওমানের শীতকালেও যে উষ্ণতা তাতে দেশের গরমকালও হার মানে। সেই তপ্ত আবহাওয়ায় প্রায় ২০ হাজার দর্শকদের আগ্রহ ছিল দেখার মতো। এদেশে প্রথমবারের মতো ২২ জন তারকার সমন্বয়ে সবচেয়ে বড় অনুষ্ঠান দেখলো ওমান প্রবাসী বাঙালিরা। সাথে বেশ ক’জন ওমান নাগরিকদেরও দেখা গেল কৌতুহলী দর্শক হিসেবে। নিরব-আইরিনের পারফর্মেন্স যখন শেষদিকে ঠিক তখন মঞ্চের পেছনে একটি ছোট্ট বালিশ নিয়ে দাঁড়িয়ে আছেন কুদ্দুস বয়াতী। বালিশ নিয়ে প্রশ্ন করতেই বললেন, ‘খেলা দেখবা স্টেজে। তখন বুঝবা বালিশ নিয়া কেন আমি স্টেজে।’
 
কিছুটা অবাক হলাম। তবে তার চেয়েও বেশি অবাক হলাম যখন শিল্পী স্টেজে। একেবারে বালিশ নিয়ে পাগলা ঘোড়া রে। মাতিয়ে রাখলেন টানা ২০ মিনিট। মঞ্চ তখন শিল্পীর দখলে। তবে ওমানবাসী দীর্ঘদিন পর একঝাঁক প্রিয় শিল্পীকে এত কাছাকাছি পেয়ে সত্যিই মুগ্ধতায় ডুবে ছিলেন।
 
একে একে গান গাইলেন পড়শী-প্রীতম। প্রীতম তার মিউজিক ট্র্যাকে গান গাইতে গিয়ে শব্দ সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিলো। তবে প্রীতমের সাম্প্রতিক লোকাল বাস এবং বেয়াইন সাবের জনপ্রিয়তা ও তার দারুণ স্বতঃস্ফুর্ত পারফর্মেন্সে সব ভুলিয়ে দিলেন এই তরুণ তুর্কী।
 
একই সাথে এটি ছিল প্রীতমের প্রথম বিদেশ সফর। তাই মিউজিক ইন্ডাস্ট্রির এই তরুণের জন্য এটি ছিল এক স্মরণীয় সফর। মঞ্চে মুহুর্মুহু করতালির পর যখন প্রশ্ন করা হলো আপনারা কোন শিল্পীর জন্য সারারাত অপেক্ষা করতে পারবেন।
 
তারা সকলে সমস্বরে বললেন, ‘আসিফ আকবর।’ এদিকে আয়োজক অনন্য মামুন আসিফকে বললেন, ‘আমাদের এমনিতেই দেরি হয়েছে। তাই ২০ থেকে ২৫ মিনিটের বেশি গান গাওয়া যাবে না।’ তখন সেই অনুরোধটি দর্শকদের জন্য সবচেয়ে মন খারাপের বিষয় হয়ে দাঁড়ালো। এরপরও ‘একাকী গভীর রাতে’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘সাবাস বাংলাদেশ’সহ টানা কয়েকটি গান যখন গাইলেন তখন মনে হচ্ছিল রেকর্ড বাজছে। মাসকাটে তখন প্রায় মাঝরাত। অনুষ্ঠানের সেরাটি দেখিয়ে বুঝিয়ে দিলেন কি করে লাইভ গাইতে হয়। মুহুর্মুহু করতালি আর ‘ওয়ান মোর’ শব্দেই শেষ করতে হলো আসিফকে। আসিফ নিজেও খানিক আফসোস করে বললেন, ‘কমপক্ষে আরও ২টি গান গাইলে মনে শান্তি পেতাম।’
 
আসিফের মুগ্ধকর পারফর্মেন্স যেন শেষ হইয়াও হইলো না শেষ। ওমানের আকাশে তখন রাত ১টা। মাঝরাতের অন্ধকারে এমপি থিয়েটারের আলোয় আল কুদস এলাকাটি আরও উজ্জ্বল হয়ে আছে। শেষ হলো শাকিব-মীমের পারফর্মেন্স। শাকিব খানের আলোকছটা এমনই যে দু-হাত দিয়ে উড়াল চুমু দিতেই দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। এমন আলো-নৃত্য আর মিউজিকের ছন্দেই রাতের বয়স বাড়িয়ে শেষ হলো ১৪ সেপ্টেম্বরের মাসকাটের আয়োজন।
 
ইত্তেফাক/আনিসুর