বাংলাদেশ কমেডি ক্লাবের আয়োজনে গতকাল ২২ সেপ্টেম্বর সফলভাবে শেষ হয়েছে প্রথম জাতীয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমেডি ক্লাব ও তার আওতাভুক্ত বিভিন্ন জেলার ৪৩টি কমেডি ক্লাবের প্রতিনিধিরা।
স্ট্যান্ড আপ কমেডিকে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দেওয়াই ছিল জাতীয় সম্মেলনের মূল লক্ষ্য। ২০১৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবের স্বপ্নদ্রষ্টা বলা হয় মিরাক্কেল বিজয়ী আবু হেনা রনিকে।
তিনি ছাড়া প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন মিরাক্কেল খ্যাত শাওন মজুমদার, সাইফুল ইসলাম, মো. পরশ, শাহাজাদা শাহেদ, ফজলুল হক সাকি, কমর উদ্দিন আরমান, সাইদুর রহমান পাভেল, তৌহিদ প্রমুখ। বাংলাদেশ কমেডি ক্লাবের কার্যক্রম শুধু কমেডির মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা সমাজসেবামূলক কাজও করে যাচ্ছেন।
IMG0
আবু হেনা রনি বলেন, সফলভাবে শেষ হলো বাংলাদেশ কমেডি ক্লাবের প্রথম জাতীয় সম্মেলন। সারা বাংলাদেশের ৩৫টি কমেডি ক্লাব থেকে কষ্ট করে আসা, সকল স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জানাই আন্তরিক ধন্যবাদ। সমস্যার কারণে আসতে না পারা অনেক পরিচিত মুখকে মিস করেছি। সম্মেলনের ভুল ত্রুটিগুলো সবাই নিজগুণে ক্ষমা করবেন। একবুক ভালোবাসা নিয়ে আমরা সকল কমেডি যোদ্ধারা একসাথে এগিয়ে যাবো সারা বাংলাদেশকে হাসিখুশি রাখবার দৃঢ় প্রত্যয় নিয়ে।
ইত্তেফাক/আনিসুর
