এবার নেইমারকে ছাড়াই পিএসজির স্কোয়াড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৭
সময়টা ভাল কাটছে না নেইমারের। সিলভা-আলভেসদের মতো জাতীয় দলের সতীর্থদের কথা মাথায় রেখে পাড়ি জমিয়েছিলেন প্যারিসে। তার উপর ছিল বিশাল অঙ্কের অর্থের হাতছানি। কিন্তু ক’দিনেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। লিওনেল মেসির মতো তারকার সঙ্গে যে মধুর সময় কাটিয়েছেন বার্সেলোনায়, পিএসজির আক্রমণভাগে নিজেকে সেভাবে পাচ্ছেন না।
 
এডিনসন কাভানি যে তার ভাবনার কারণ হয়ে যাবে তা হয়তো ভুলেও ভাবেননি। তাই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আক্রমণভাগের কর্তৃত্বটা নিতে চেয়েছিলেন নিজেই। কিন্তু বিধিবাম। চার বছর ধরে পিএসজিতে থাকা কাভানি তাকে সেই সুযোগটা দেননি। এতে বাদানুবাদে জড়িয়ে যান কাভানির সঙ্গে। ক্লাব কর্তৃপক্ষকে বলেছিলেন কাভানিকে বেচে দিতে। কিন্তু নেইমার বাস্তবতাটা ‍বুঝেছেন। ‍কাভানিকে তো শাসানো হয়নি, উল্টো তাকেই ক্ষমা চাইতে হয়েছে পুরো দলের কাছে।
 
লিয়নের বিপক্ষে গত সপ্তাহে ঘটে যাওয়া সেই ঘটনা পিএসজি ধামাচাপা দিতে চাইছে। নেইমার ওই ঘটনার পর ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে এসেছেন। যোগ দিয়েছেন দলের ক্যাম্পেও। কিন্তু হঠাৎই জানানো হলো মঁপেলিয়ের বিপক্ষে শনিবার রাতের ম্যাচে নেই নেইমার। তার না থাকার কারণ হিসেবে জানানো হয়েছে পায়ের ইনজুরির কথা। চোটটা গুরতর নয়, তবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় এমেরি ঝুঁকি নিতে চাননি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে নিয়ে।
 
গণমাধ্যমে চাওড় হচ্ছে অবশ্য ভিন্ন কথা। ফুটবল সংক্রান্ত ওয়েবসাইট গোল ডটকম আভাস দিচ্ছে ‘শাস্তি’ দিতেই মঁপেলিয়েরের বিপক্ষে রাখা হয়নি নেইমারকে! তবে সত্যি কি শাস্তির মুখোমুখি হয়েছেন নেইমার নাকি ইনজুরিই বাদ পড়ার কারণ, সেকথা নিশ্চিত হওয়ার সুযোগ আপাতত নেই।
 
ইত্তেফাক/কেআই