ভারতের অভ্যন্তরে বাংলাদেশি আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪২
 
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের নাজমুল ইসলামের ছেলে রিপন মিয়াকে (৩০) ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ আটক করেছে। পরে তাকে ভারতীয় পুলিশের নিকট সোপর্দ করা হয়।
 
সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের দুই নম্বর সাব পিলারের ৫ গজ অভ্যন্তরে ভারতীয় চ্যাংরাবান্ধা ক্যাম্প এলাকা থেকে রিপন মিয়াকে আটক করে। এসময় অপর এক বাংলাদেশি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা আবেদ আলীর ছেলে গরু পারাপারকারি আলতাব হোসেনকে (৩০) বেধড়ক পিটিয়ে আহত করেছে বিএসএফ। সে বর্তমানে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
এলাকাবাসী ও সীমান্ত সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি গত ৬ মাস আগে বৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। ২২ সেপ্টেম্বর রাত ১১ টায় সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আটককৃত ব্যক্তির স্বজনেরা বিজিবিকে জানালে। এ ঘটনায় পরদিন বুড়িমারী সীমান্তে পতাকা বৈঠকে বিএসএফ ধৃত ব্যক্তিকে আটক করে মেকলিগঞ্জ পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিজিবিকে জানায়।
 
বর্ডারগার্ড বাংলাদেশ ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অপর বাংলাদেশি আহতের ঘটনা তিনি জানেন না বলে জানান।
 
ইত্তেফাক/জামান