বগুড়ায় ছাত্রলীগের হামলায় বিএনপির ৩ নেতা আহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬
 
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের হামলায় বিএনপির ৩ নেতা আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ধুনটের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরাফত জামান পাশা (৫৪), উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নূরে আলম (২৮) ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম (২২)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা বিএনপির ডাকে শনিবার আধা বেলা হরতাল চলছিল। হরতালে পিকেটিং করার জন্য শরাফত জামান পাশার নেতৃত্বে নেতাকর্মীরা চারমাথা এলাকায় পৌঁছেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে বিএনপির তিন নেতা আহত হন।
 
বিএনপি নেতা শরাফত জামান পাশা বলেন, পিকেটিং করার জন্য চারমাথা হয়ে শিশু মুন পার্কের দিকে রওনা হই। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
 
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, বিএনপির ডাকা অহেতুক হরতাল ভণ্ডুল করার জন্য তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি