চট্টগ্রামের ডিসি হিল পরিচ্ছন্ন রাখতে ১০০ ডাস্টবিন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের ডিসি হিলকে পরিচ্ছন্ন রাখতে সেখানে একশ’ ডাস্টবিন তৈরি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।
 
‘আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর অর্থায়নে এখানে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হবে’ উল্লেখ করে তিনি বলেন, ডিসি হিলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাত নয়টা পর্যন্ত এখানে সবাই হাঁটাহাঁটি করতে পারবেন। এরপর এখানে কেউ থাকতে পারবেন না। এ প্রাঙ্গণের পবিত্রতা নষ্ট করা যাবে না।
 
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শনিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল প্রাঙ্গণে ‘পরিচ্ছন্নতা নিজেরাই করি, কারও জন্য অপেক্ষা নয়’- শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রাতভ্রমণ ও ইয়োগা অনুশীলনকারীদের সংগঠন ‘ইয়োগা প্রভাতী’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
আলোচনা অনুষ্ঠানের আগে সবাইকে অবাক করে দিয়ে মন্ত্রী নিজেই হাতে ঝাড়ু তুলে নেন এবং সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত- এক ঘণ্টা ধরে ডিসি হিলের ময়লা-আবর্জনা সাফ করার কাজ করেন।
 
‘ইয়োগা প্রভাতী’র ৮১ জন সদস্য ছাড়াও এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন বেশ কিছু শ্রমিক। এসময় গায়ে টি-শার্ট, পরনে সাদা ট্রাউজার পরা মোশাররফ হোসেন নিজে কাজ করছিলেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে কোন কৌশলে সহজে পরিষ্কার করা যায়। ডিসি হিলের দক্ষিণপ্রান্ত থেকে কাজ শুরু করে উত্তরপ্রান্তে এসে শেষ হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের পুরো সময় মন্ত্রী ঝাড়ু হাতে ময়লা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। 
 
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলোচনা পর্বে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমি চট্টগ্রাম এলেই সকালে হাঁটতে বের হই। কিন্তু ডিসি হিলে যখনই আসি- তখনই দেখছি অপরিচ্ছন্ন। এখানে যাতে ময়লা-আবর্জনা না হয় সে বিষয়ে সবাইকে উদ্যোগ নিতে হবে। এখানে বছরে শুধু তিনটি অনুষ্ঠান হতে পারে- পহেলা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী। এছাড়া আর কোনো অনুষ্ঠান হবে না।’ বাসস।
 
ইত্তেফাক/এমআই