কাউখালীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৯
পিরোজপুরের কাউখালীতে উপজেলার সন্ধ্যা নদীর পাড়ে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত প্রতিবন্ধী শিশুদের নিয়ে নদীতে ভাসমান নৌকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 
শনিবার সকালে সুবিধা বঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ষাটোর্ধ্ব আ. লতিফ খসরু এই প্রতিযোগিতার আয়োজন করেন। কাঙ্খিত নদী কেমন হওয়া উচিৎ তা রং তুলিতে ফুটিয়ে তোলে ক্ষুদে আঁকিয়েরা। এই সব শিশুদের বসবাস উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আমরাজুড়ী আবাসনে। 
 
আবাসনে বসবাসরত চার বাক প্রতিবন্ধীর মা মনজিলা ভাসমান নৌকায় সমবেত শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
 
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাক প্রতিবন্ধী সারমিন, দ্বিতীয় স্থান অধিকারী শারীরিক প্রতিবন্ধী আসমা, তৃতীয় স্থান অধিকারকারী বাকপ্রতিবন্ধী জাহিদকে পুরস্কার দেয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সবাইকে শিক্ষা উপকরণ, ছড়ার বই সান্তনা পুরস্কার দেয়া হয়।
 
প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আ. লতিফ খসরু বলেন, শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে আমার এই উদ্বোধন।
 
ইত্তেফাক/ইউবি