নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ভ্রাম্যমাণ আদালতে দুই জনের কারাদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭
বিএডিসি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর তত্বাবধানে এ নিয়োগপরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া ও তৌহিদ এলাহী।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া জানান, উদয়ন স্কুল ও কলেজ কেন্দ্রে দুই জন প্রক্সি জালিয়াতকারী হাতেনাতে ধরা পরে। শাহিন আলম নামে এক ব্যক্তি জনৈক মাসুদুল আলম ও টিটব রানা জনৈক নিপুন মন্ডলের পরিবর্তে প্রবেশ পত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা দেয় এবং হাতে নাতে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত দোষ স্বীকার করায় শাহীন আলম ও টিটব রানাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
 
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অধ্যাপক সাইফুল মজিদ বলেন, ‘আইবিএ কর্তৃক পরিচালিত সব ধরণের নিয়োগ পরীক্ষায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভুয়া পরীক্ষার্থী, প্রক্সি, এসএমএস ইত্যাদি জালিয়াতির বিরুদ্ধে বিশেষ টিম কাজ করে অপরাধীদের আইনের আওতায় আনা হয়। নিয়মিত নজরদারীর মাধ্যমে ইতোমধ্যে এ অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতে এ ধরণের নজরদারী ও ভ্রাম্যমাণ আদালত আরো জোরদার করা হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড: মো: মহিউদ্দিন, শাকিলা ইয়াসমিন, সহকারী অধ্যাপক ইফতেখারুল আমিন, খালেদ মাহমুদ, প্রভাষক তাসনিমা আফরিন, এ টি এম জাকারিয়া খান।
 
ইত্তেফাক/ রেজা