রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে প্রাইভেটকারের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আসমা বেগম (৩৫)। শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে তিন বছরের মেয়ে নুরুন্নাহারকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আসমা বেগম। এসময় দ্রুত গতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আসমা বেগম গুরুতর আহত হন। পরে পথচারীরা আসমা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মায়ের কোলে থাকা শিশুটি আহত হয়নি।
নিহত আসমা বেগম নগরীর ধোলাইপাড় এলাকায় থাকতেন। তার স্বামীর নাম মো. আবুল কাসেম। তার বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার কাসেমপুর গ্রামে। বাসস।
ইত্তেফাক/এমআই
