শ্রীনগরে ছাদের পলেস্তারা খসে ১০ ছাত্রী আহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে ১০ ছাত্রী আহত হয়েছে।
 
শনিবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আয়শা আক্তার (১৩) ও জেরিন আক্তারকে (১৩) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদানের সময় হঠাৎ করে বড় আকারের পলেস্তারা খসে ছাত্রীদের মাথার উপর পড়ে। এ সময় অন্তত ১০ ছাত্রী আহত হয়। ভবন ধসের আতঙ্কে ছাত্রীরা চিৎকার শুরু করে এবং দৌড়ে ক্লাস রুম থেকে বেরিয়ে আসে। এ সময় অন্যান্য শ্রেণির ছাত্রীরাও স্কুলের বাইরে চলে আসে।
 
বিদ্যালয়টির প্রধান শিক্ষকা শাহানারা বেগম জানান, দুই বছর আগে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছিল। তা মৌখিকভাবে উপজেলা প্রকৌশল অফিসে জানানোর পর তারা পরিদর্শন করে জানিয়েছিল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার সময় হয়নি। কিন্তু দুই বছরে ভবনের অনেক পলেস্তারা খসে পড়েছে এবং একাধিক ফাটল দেখা দিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি