ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় শতাধিক বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ১১

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫০
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতুলী পূর্বপাড়া গ্রামে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনোয়ার ও কালার গোষ্টির সঙ্গে সাহেব বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। এরজের ধরে  ভোরে আনোয়ার ও কালার গোষ্টির দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র রামদা, বল্লম, টেঁটা, ছুরি ও লাঠি নিয়ে সাহেব বাড়িতে অতর্কিত হামলা চালায়।
 
হামলায় সাহেব বাড়ির শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় অন্তত পাঁচটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
 
আমতুলি পূর্বপাড়া গ্রামের মোল্লা মিয়া বলেন, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরআগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। আগের ঘটনার রেশ ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
 
নবীনগর থানার ওসি আসলাম শিকদার জানান, এ ঘটনায় পুলিশ ১১জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি