মিরপুরে ৬২ ভুট্টাচাষী পায়নি আন্তঃপরিচর্যার এক হাজার টাকা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪১

কুষ্টিয়ার মিরপুরে ৬২ জন ভুট্টাচাষীকে আন্তঃপরিচর্যা বাবদ এক হাজার করে টাকা দেওয়া হয়নি। কৃষি অফিসের তেলেসমাতিতে এ টাকা আত্মসাৎ করা হয়েছে মর্মে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় এ উপজেলার ৬২ জন কৃষককে ভুট্টা প্রদর্শনীর জন্য তালিকা করা হয়। তালিকার কৃষকরা ভুট্টাবীজ ও সার পেলেও ৬২ কৃষকের কেউই ভুট্টা চাষের জন্য আন্তঃপরিচর্যা বাবদ বরাদ্দ নগদ এক হাজার টাকা পায়নি।

এ বিষয়ে ৬২ কৃষকের অধিকাংশই জানান, তারা সার ও বীজ পেয়েছেন। তবে এক হাজার টাকা পরিচর্যার জন্য যে বরাদ্দ আছে তা তারা জানেনই না।

সংশ্লিষ্ট ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসারদের কয়েকজনের কাছে জানতে চাইলে তাদের কেউ বলছেন অফিসে বরাদ্দ নেই, আবার কেউ বলেছেন নগদ টাকা না দিয়ে কৃষকদের ভিটামিন ঔষধ দেয়া হয়েছে। তবে কৃষকদের দাবী তারা বীজ ও সার ছাড়া আর কিছুই পায়নি।

বিষয়টি নিয়ে কৃষি অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চণ্ডীদাশ কুন্ডুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন।

ইত্তেফাক/নূহু