একাদশ জাতীয় সংসদ নির্বাচন

গাজীপুরে পাঁচ আসনেই বড় দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ৫টি আসনে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তত্পরতা বেড়ে গেছে। তাদের তত্পরতা অনেকটা ঘরোয়া অথবা সভা সমাবেশ ও ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড কেন্দ্রিক সীমাবদ্ধ রয়েছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রকাশ্যে, আর বিএনপি অনেকটা কৌশলে তাদের রাজনৈতিক তত্পরতা অব্যাহত রেখেছেন।

গোপালগঞ্জের পর গাজীপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হলেও বিএনপি’র এ জেলায় রয়েছে শক্তিশালী অবস্থান। বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফলাফল করলেও বিএনপিও সেক্ষেত্রে তাদের শক্তির জানান দিয়েছে। অর্থাত্ এ দুটি দলের মধ্যে নির্বাচনী লড়াই হয়েছে হাড্ডা-হাড্ডি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এ জেলায় সবকটি আসনেই এ দু’দলের প্রার্থীদের মধ্যে লড়াই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এসব প্রার্থীর অনেকে ইতোমধ্যে রঙ্গিন ছবি সম্বলিত ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও পোস্টার টানিয়ে তাদের নির্বাচনী মাঠে থাকার ইঙ্গিত দিচ্ছেন। এছাড়া অনেকে ঈদ শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আবার অনেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সান্নিধ্যে যাওয়া আসা, বিভিন্ন জাতীয় দিবসগুলো পালন ও ধর্মীয় এবং সামাজিক সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে উপস্থিতির খবর গণমাধ্যমে প্রচার করে নির্বাচনী তত্পরতা শুরু করেছেন। তবে সম্ভাব্য এসব  প্রার্থীরা সরাসরি ও জোরেশোরে গণসংযোগ শুরু না করলেও নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনেরই বড় দুটি রাজনৈতিক দলের রয়েছে একাধিক প্রার্থী। এদের মধ্যেও অনেকেই হেভিওয়েট প্রার্থী। ভোটাররাও ইতোমধ্যে প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডসহ তাদের সার্বিক কর্মকাণ্ড নিয়ে হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন।  এক্ষেত্রে প্রার্থীদের নির্বাচনী তত্পরতার চেয়ে বেশি চলছে নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ ও আলোচনা সমালোচনা। জাতীয় পার্টি জেলার সব কটি আসনেই তাদের একক প্রার্থী ঘোষণা দিলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীদের মধ্যে। বিগত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জয়ের ধারা বজায় রাখতে চায় আওয়ামী লীগ। আর বিএনপিও চায় এসব আসনে দলীয় প্রার্থীদের বিজয় করতে।

ইত্তেফাক/নূহু