বাবুগঞ্জে পন্টুনে উঠার সিঁড়ি পানিতে ডুবে থাকায় চরম ভোগান্তিতে পড়ছে বাবুগঞ্জ থেকে নদীপথের ঢাকাগামী যাত্রীরা। দীর্ঘদিন ধরে যাত্রীরা এমন ভোগান্তির শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটি’র নির্দিষ্ট পন্টুন থাকলেও পন্টুনে উঠার সিঁড়ি জোয়ারের পানিতে ডুবে থাকে। আর লঞ্চ যথানিয়মে পন্টুনের সামনে নোঙর করে। ফলে ঢাকাগামী লঞ্চ যাত্রীদের হাঁটু পানি পার হয়ে পন্টুনে উঠতে হয় এবং সেখান থেকে লঞ্চে যাত্রা করতে হয়। এ সীমাহীন ভোগান্তিতে বেশি সমস্যা হচ্ছে শিশু ও বয়স্ক লোকদের। অনেকে তাদের অসুস্থ স্বজনদের কোলে তুলে ঝুঁকি নিয়ে সিঁড়ি পার হয়ে পন্টুনে উঠতে দেখা যায়।
লঞ্চযাত্রী আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারাদাররা তো ঠিকই টাকা নিয়ে নিচ্ছে। কিন্তু এই দুর্ভোগের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে ইজারাদার মো. সোহেল জানান, জোয়ারের পানিতে পন্টুনের সিঁড়ি ডুবে থাকার কারণে যাত্রী ভোগান্তির বিষয়টি সত্যি। আমরা বিষয়টি বিআইডব্লিউটি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ-পরিচালক মো. রফিকুর ইসলাম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা করে দেওয়ার কথা ছিল। এ বিষয়ে আমাদের কোনো হাত নেই, এটি দেখভালের দায়িত্ব বিআইডব্লিউটি’র প্রকৌশল বিভাগের।
ইত্তেফাক/নূহু
