দশ মাস পর ফিরলো বনানী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪৭
    
রাজধানীর বনানী থেকে গত বছরের ডিসেম্বরে একসঙ্গে নিখোঁজ হওয়া চার তরুণের মধ্যে একজন গত শুক্রবার ভোরে ফিরে এসেছেন। তার নাম সাফায়াত হোসেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে ১৮ এপ্রিল  মেহেদি হাসান হাওলাদার ও ২৮ মে মো. সুজন নামে দুই তরুণ ফিরে এসেছেন।
 
শনিবার রাতে সাফায়াতের বাবা আলী হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার ভোরে কয়েকজন অজ্ঞনামা ব্যক্তি তাকে (সাফঅয়াত) রাজধানীর গাবতলী এলাকায় চোখ বাধা অবস্থায় ফেলে গেছে। পরে সিএনজিতে করে পুরান ঢাকার বাসায় ফেরে সাফায়েত।
 
কারা তাকে অপহরণ করেছিল এ বিষয়ে জানতে চাইলে আলী হোসেন সাংবাদিকদের বলেন, সাফায়েত এখন অসুস্থ। তাকে এখনো এসব বিষয়ে কিছু জিজ্ঞাসা করিনি। তাকে অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল বলে জানিয়েছে। এখন আমার ছেলেকে ফিরে পেয়েছি। কারা তাকে নিয়ে গেছে আমি আর জানতে চাই না।
 
গত ১ ডিসেম্বর বনানী থেকে সাফায়েতসহ চার তরুণ নিখোঁজ হন। তাদের মধ্যে তিনজন ফিরে এসেছেন। অপরজন হলেন- জাইন হোসেন খান (পাভেল)। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সাফায়াত ও জাইন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুজন ড্যাফোডিল থেকে তথ্যপ্রযুক্তিতে কোর্স করে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
 
ইত্তেফাক/এমআর