টুইটারে বেফাঁস মন্তব্যে মুকুট হারালেন মিস তুর্কি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৯
 
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় নিহত ‘শহীদদের’ রক্তকে নিজের মাসিকের রক্তের সাথে তুলনা করে টুইট করায় এবছরের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট হারিয়েছেন মিস তুর্কি। টুইটটি তিনি করেছিলেন আগেই। 
 
কিন্তু সেই টুইট আবার প্রকাশ্যে আসার পর তার শিরোপা কেড়ে নেওয়া হয়েছে। এই নারীর নাম ইতির এসেন। বয়স ১৮। গত বছরের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টাকে ইঙ্গিত করে সোশাল মিডিয়াতে একটি পোস্ট দিয়েছিলেন তিনি, যেখানে তিনি সেসময় নিহত ব্যক্তিদের রক্তকে নিজের পিরিয়ডের রক্তের সাথে তুলনা করেছেন। 
 
এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজনকারীরা বলছেন, টুইটটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। আর একারণে প্রতিযোগিতায় জয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার বিজয়ের মুকুট কেড়ে নেয়া হয়েছে। ১৫ই জুলাই এর অভ্যুত্থান প্রচেষ্টার এক বছর পূর্তিতে ওই টুইটটি পোস্ট করা হয়েছিলো। খবর বিবিসি 
 
ইত্তেফাক/আনিসুর