ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের লক্ষ্মীপুরের নতুন সড়কের পাশে ব্রিফকেসে থাকা অজ্ঞাত (৪০) লাশের পরিচয় শনাক্তে সমস্যা হচ্ছে। লাশটি বিকৃত হওয়ায় শনিবার বিকেলে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সিদ্ধান্ত দিতে পারছেন না বলে জানান ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত আবুল খায়ের। তিনি জানান, এ পর্যন্ত ঝালকাঠি ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আত্মীয়রা এসে লাশ তাদের বলে দাবী করছেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের আরও জানান, দুই/তিনদিন আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে মুখে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর হাত পা বেঁধে ব্রিফকেসে ভরা হয়েছে। লাশ উদ্ধারের সময় বিভিন্ন রঙের ৫টি ওড়না উদ্ধার করা হয়েছে। লাশের অর্ধেক অংশ পচে গেছে। চামড়া উঠে যাচ্ছে। ওড়না দিয়ে চোখমুখে বেঁধে হত্যার কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। লাশের পরনে কালো রঙের প্যান্ট ও সেন্টু গেঞ্জি ছিল। লাশের ডিএনএ পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শনিবার সকালে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের লক্ষ্মীপুরের নতুন সড়কের পাশে ব্রিফকেস ভর্তি লাশটি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/জামান
