'খেলাধুলা পারে যুবসমাজকে সকল অন্যায় থেকে দূরে রাখতে'

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৬
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, 'খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।
 
তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে।'
 
শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয় মাঠে চাঁদপুর পুলিশ সুপার কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বক্তব্যে আরও বলেন, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয় একটি মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন। আপনারা ভবিষ্যতে আরও খেলার আয়োজন করবেন, আমার পক্ষ থেকে সকল সহায়তা থাকবে। ভাল কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন পাশে থাকব।
 
ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। স্থানীয় মোহনপুর ইউপি চেয়ারম্যান শামছুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ প্রমুখ।
 
খেলা পরিচালনা করেন সালাউদ্দিন, রাশেদুজ্জামান ও শরীফুল ইসলাম। খেলা নিদিষ্ট সময় ২-২ গোলে ড্র হবার পর টাইব্রেকারেও ড্র ড্র হচ্ছিল পরে দু'দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
 
ইত্তেফাক/জামান