‘রোহিঙ্গা ইস্যুকে নিয়ে একটি শ্রেণি সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা চালাচ্ছে’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:১২
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে একটি শ্রেণি সাম্প্রদায়িক  উস্কানি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ইউটিউব ও অনলাইনে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়াচ্ছে। অথচ এ গুলোর কোনও সত্যতা নাই। ভিন্ন ধর্মাবলম্বীরা বরং রোহিঙ্গাদের সাহায্যে কাজ করছেন।
 
রবিবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় রোহিঙ্গা ইস্যুতে কোনও ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বৈঠকের সভাপতি আমির হোসেন আমু।  
 
শিল্পমন্ত্রী বলেন, রোহিঙ্গা পরিস্থিতি সরকার সঠিকভাবে মোকাবিলা করছে। নাফ নদীতে মাদক চোরাচালান রোধে সরকারের যে পদক্ষেপ ছিল রোহিঙ্গা সংকটের কারণে তা আপাতত স্তিমিত হয়ে আছে। তবে শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
 
রোহিঙ্গাদের কোনও ধরনের স্ট্যাটাস (রিফিউজি স্ট্যাটাস টাইপ) দেওয়া হবে কিনা - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, এ ধরনের কোনও চিন্তাভাবনা নাই। আমরা চাই তারা ফিরে যাক। তবে তাদের চিহ্নিত করা এবং শৃঙ্খলা রক্ষার জন্য  রেজিস্ট্রেশন করা হচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই