মালিতে নিহত সেনা সদস্য মনোয়ারের বরিশালের বাড়িতে মাতম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৭

মালিতে নিহত শান্তিরক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের মধ্যে মনোয়ার হোসেনের বাড়ি বরিশালে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে বরিশালে বসবাসরত মনোয়ারের পরিবারের সদস্যরা খবরটি প্রথম জানতে পারেন।

শনিবার বিকেলে স্ত্রী ও মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন মনোয়ার। তখন সবার কাছে দোয়া চান তিনি। মনোয়ারের ৭ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। ১০ বছর আগে বিয়ে করেন তিনি। মনোয়ারের গ্রামের বাড়ী বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন গ্রামে। তবে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডে শের-ই-বাংলা সড়কের নতুন বাড়িতে বসবাস করত তার পরিবার।

গত রমজান মাসের প্রথম দিকে শান্তিরক্ষি বাহিনীতে যোগ দেন তিনি। ৩ ভাই-বোনের মধ্যে মনোয়ার সবার বড়। এদিকে মনোয়ারের দুই সন্তান ও স্ত্রীর দিকে খেয়াল রাখার এবং মনোয়ারের লাশ দ্রুত দেশে ফেরত আনার জন্য সরকারের প্রতি দাবী করেছেন মনোয়ারের শ্বশুর।

ইত্তেফাক/নূহু