সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী কোলন ক্যানসারে আক্রান্ত। বেশ ক’মাস ধরে চিকিৎসাধীন আছেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে। তার এই বিপদে পাশে দাঁড়ানোর আহবান জানালেন চিত্রনায়ক ওমর সানী।
সোমবার ওমর সানী তার ফেসবুক স্ট্যাটাসে সবার কাছে আকুল আবেদন নিয়ে জুটন চৌধুরীর চিকিৎসায় পাশে দাঁড়ানোর পাশাপাশি আর্থিক সাহায্যের আবেদন জানালেন।
নায়ক ওমর সানী স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো ইত্তেফাক অনলাইনের পাঠকদের কাছে:-
‘আমি বিনোদন সাংবাদিকতার একজন মানুষকে নিয়ে কিছু লিখতে চাচ্ছি। লিখতে পারছি কি না তাও জানি না। লিখাটির নাম আসুন সাহায্যের হাত বাড়াই, এখন যে মানুষটির জন্য লিখবো তিনি হলেন আমাদের সবার প্রিয় বিনোদন সাংবাদিক "জুটন চৌধুরী"। জুটন ক্যান্সারে আক্রান্ত অনেকদিন যাবৎ। চিকিৎসা চলছে ব্যয় বহুল। আমি যতটুকু জানি জুটন কারো কাছে সাহায্য চাওয়ার মতো ছেলে না। কিন্তু পরিস্থিতি এতোই ভয়াবহ যে (টাকার অংক এতো বেশী) বাধ্য হয়ে বলছি সবাইকে, জুটনকে সাহায্য করার জন্য। আসুন আমরা সবাই জুটনের দিকে সাহায্যের হাত বাড়াই। আসুন আমরা চলচ্চিত্র, টেলিভিশন শিল্পী কলাকুশলী জুটনের দিকে সাহায্যর হাত বাড়াই। তাহলে আগ্রহ বাড়বে মানুষের বিনোদন সাংবাদিকতায়। জুটন শুধু সাংবাদিক না আমাদের সবার পরম আত্মীয়। জুটনের জন্য দোয়া করি জুটন বেঁচে থাক আমাদের সবার হৃদয়ের মাঝে।’
IMG0
দীর্ঘদিন দেশের জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন আনন্দধারা’য় চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন জুটন চৌধুরী। এরপর নিজের সম্পাদনায় ‘বিনোদনচিত্র’ নামের একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিন-এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
জুটন চৌধুরীকে সাহায্য পাঠানোর বিকাশ নং ০১৮১৯২১৯৯১৫(ব্যক্তিগত)। সুহৃদ ব্যক্তিরা এই নম্বরে যোগাযোগ করে অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন বলে জানিয়েছেন নায়ক ওমর সানী।
ইত্তেফাক/আনিসুর
