বরিশালে গ্রামীণফোনের ‘স্টারফেস্ট’ পণ্ড হামলা ভাঙচুর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০২:০৯

মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীণফোনের স্টার গ্রাহকদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে কর্মকর্তাদের হাতাহাতি ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে গ্রামীণফোন স্টারফেস্ট নামক অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক স্টার গ্রাহকের সঙ্গে একজন অতিথিসহ আমন্ত্রণ জানানো হয়। 

ঐ অনুষ্ঠানে গ্রামীণফোনের সঙ্গে কর্পোরেট চুক্তিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পরিচিতি নিয়ে তাদের স্টল দেয়। অনুষ্ঠানে প্রবেশের জন্য মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ পেয়ে বরিশাল নগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে গ্রাহকরা সকাল থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকেন। দুপুর ২টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে কয়েকশ গ্রাহক। 

দূর-দূরান্ত থেকে আসা এসব স্টার গ্রাহকরা জানান, গ্রামীণফোনের কর্মকর্তাদের কাছে আমন্ত্রণে খাবারের বিষয়ে জানতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করে। এসময় উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিক্ষুব্ধ গ্রাহকরা উত্তেজিত হলে উভয়পক্ষের হাতাহাতিতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। গ্রাহকদের অভিযোগ, এভাবে আমন্ত্রণ জানিয়ে গ্রাহকদের কোনো প্রকার সুযোগ-সুবিধা তো দূরের কথা বরং অসৌজন্যমূলক আচরণে তারা এ অপারেটরে আর থাকবেন না। বরগুনা থেকে আসা আজিজ আহমেদ জানান, এ ধরনের অনুষ্ঠানে সম্মানের কথা ভেবেই কাকডাকা ভোরে রওয়ানা দিয়ে দুপুরে পৌঁছে জানতে পারি গ্রামীণফোনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থাপনা নেই। তিনি বলেন, এ ঘটনায় তারা প্রতারণার মামলা করবেন। 

অপর গ্রাহক রফিকুল ইসলাম বলেন, তিনি বিকেল ৩টায় গৌরনদী থেকে এসে জানতে পারেন সেখানে গণ্ডগোল হয়েছে। ৩টা ৪৮মিনিটে গ্রামীণফোনের পক্ষ থেকে তার মোবাইলে মেসেজ আসে স্টার ফেস্ট অনুষ্ঠানটি বাতিল করা হলো। এ ধরনের প্রতারণায় তিনি এ অপারেটর ত্যাগ করার ঘোষণাও দেন।

এ ব্যাপারে গ্রামীণফোনের বরিশালের কর্মকর্তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলেন। গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের ডাইরেক্টর তালাত কামাল জানান, সেখানে মেলার মতো আয়োজন ছিলো। গ্রামীণফোনের সঙ্গে কর্পোরেট চুক্তিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠান খাবারসহ অন্যান্য পণ্য কম দামে বিক্রি করার কথাও ছিল তবে দুপুরের খাবারের কোনো আয়োজন ছিল না। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানের দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের অভিযোগের বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করবেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পরামর্শ দেবেন বলে জানান।